ঠাকুরগাঁওয়ে পিকআপ, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
নিহত দুইজনের মধ্যে একজনের নাম আনোয়ার (৬০), তিনি বালিয়া ইউনিয়নের বাসিন্দা। অপর নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ওসি জানান, সকালে অটোরিকশাটি যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। অপরদিকে ঠাকুরগাঁও থেকে পিকআপটি ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় পৌঁছালে প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পিকআপটি নিয়ন্ত্রণ হারালে ভূল্লী থেকে ছেড়ে আসা অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়রা পিকআপের চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন বলেও জানান ওসি।









