প্লেব্যাক, একক গান, দ্বৈত গান ও অভিনয়-সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী ও সংগীতায়োজক প্রীতম হাসান। সিনেমার কাজের পাশাপাশি নিয়মিত মঞ্চেও সরব এই শিল্পী। এবার রাজধানীতে আয়োজিত হতে যাওয়া ‘মনসুন বিটস’ কনসার্টে সংগীত পরিবেশন করবেন তিনি।
আগামী ২৯ আগস্ট রাজধানীর মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে বসবে ‘মনসুন বিটস’র আসর। এতে প্রীতম হাসানের পাশাপাশি একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় রক-মেটাল ব্যান্ড আর্টসেল।
আয়োজনে আরও থাকছে অড সিগনেচার, রেনেসাঁস, কণ্ঠশিল্পী শিবু এবং ডিজে শিমারাইয়ের পরিবেশনা। ফলে বিভিন্ন ধারার সংগীতের শিল্পী ও ব্যান্ডের পরিবেশনায় কনসার্টটি জমজমাট হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।
কনসার্টটির আয়োজন করছে এনভায়ারো ইভেন্টস। আয়োজকদের ভাষ্য, সংগীতপ্রেমীদের চাহিদা ও প্রত্যাশার কথা মাথায় রেখেই এই আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠিত ব্যান্ড ও তারকাশিল্পীদের পাশাপাশি বর্তমান সময়ের আলোচিত শিল্পীদেরও একই মঞ্চে আনা হয়েছে।
১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকরা নির্ধারিত মূল্যের টিকিট সংগ্রহ করে কনসার্টে অংশ নিতে পারবেন।
কনসার্ট আয়োজনের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে কিছুটা স্থবিরতা দেখা গেলেও ‘মনসুন বিটস’ সেই পরিস্থিতিতে সংগীতপ্রেমীদের জন্য নতুন আয়োজনের স্বাদ দেবে বলে আশাবাদী আয়োজকরা।
এদিকে সিনেমার গানের পাশাপাশি একক গানেও নিজের অবস্থান শক্ত করেছেন প্রীতম হাসান। সম্প্রতি প্রকাশিত তার একক গান ‘সেকেন্ড নায়ক’ শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটির ভিডিও নির্মাণে সৃজনশীল নির্দেশনায় ছিলেন নুহাশ হুমায়ূন। মনজুর অনিকের পরিচালনায় নির্মিত মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে অভিনেতা মীর রাব্বি ও মালাইকা চৌধুরীকে।
গানের পাশাপাশি অভিনয়েও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন প্রীতম। শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিনেমা ‘তুমি আমি শুধু’-তে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী জেফার রহমান।









