বিজয় সালগাঁওকর ও তার পরিবারের সেই রহস্যময় গল্পের চূড়ান্ত অধ্যায় নিয়ে ফিরছেন অজয় দেবগন। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত হিন্দি থ্রিলার ছবি ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’।
এই খবর নিশ্চিত করে ছবির প্রথম পোস্টার প্রকাশ করেছেন অজয় দেবগন। পোস্টারে লেখা ছিল—‘সত্যসহ সবকিছুর আগে পরিবার’।
পরিচালক অভিষেক পাঠকের পরিচালনায় ছবিতে বিজয় সালগাঁওকর চরিত্রে আবারও ফিরছেন অজয় দেবগন। সঙ্গে থাকছেন টাবু, শ্রেয়া সরণ ও রজত কাপুর।
তবে এবারের পর্বে নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত। বর্তমানে ছবিটির শুটিং শেষ হয়েছে এবং সম্পাদনার (পোস্ট-প্রোডাকশন) কাজ চলছে।
২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করেছিল। আর ২০২২ সালের সিক্যুয়েল ‘দৃশ্যম ২’ সে সাফল্যকে ছাড়িয়ে আয় করে প্রায় ৩৪২ কোটি রুপি।
হিন্দিতে এই সিরিজটি ‘দৃশ্যম ৩’-এর মাধ্যমে শেষ হতে চললেও মূল মালয়ালাম সিরিজের গল্প থামছে না। ২০২৬ সালের মে মাসে মুক্তি পাওয়া মোহনলালের মালয়ালম ‘দৃশ্যম ৩’ বিশ্বব্যাপী ২৪২ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে। ইতিমধ্যেই প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর এবং অভিনেতা মোহনলাল নিশ্চিত করেছেন যে, মালয়ালাম ভাষায় চতুর্থ পর্বের কাজও শুরু হতে যাচ্ছে।









