ফলো-অন করার পর শেষ দিনে দুর্দান্ত প্রতিরোধ গড়ে কলম্বো টেস্ট ড্র করেছে শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের চরম পরীক্ষা নিয়ে সাত ঘণ্টারও বেশি সময় ক্রিজে কাটিয়ে একাই ম্যাচ বাঁচিয়েছেন সোনাল দিনুশা।
১৩৩ রানে অপরাজিত থাকা এই ব্যাটার লোয়ার অর্ডারের কার্যকর সঙ্গ নিয়ে নিশ্চিত করেন, যাতে ভারতকে দ্বিতীয়বার ব্যাটিংয়েই নামতে না হয়। শ্রীলঙ্কার বিপক্ষে ফলো-অন করিয়ে টানা আট ম্যাচ জয়ের পর এই প্রথমবার জয়ের দেখা পেল না ভারত।
ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৪ উইকেট। কলম্বোর পিচে টার্ন থাকলেও গতি ও বাউন্স ছিল ব্যাটারদের অনুকূলে।প্রথম আধঘণ্টার ভেতর নতুন বল নিলেও সকালের সেশনে দিনুশা ও কেশারা নুওয়ান্থাকে কোনোভাবেই বিপদে ফেলতে পারেননি ভারতীয় বোলাররা।
সপ্তম উইকেটে ৪০ ওভারের বেশি সময় কাটিয়ে এই জুটি গড়ে তোলে মূল্যবান ৮৮ রানের পার্টনারশিপ, যা শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ঘাটতিও দূর করে দেয়।মধ্যাহ্নবিরতির ঠিক পরেই প্রথম ধাক্কাটি দেন মানব সুথার; তাঁর দারুণ এক ঘূর্ণি বলে পরাস্ত হয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন নুওয়ান্থা।
এরপর প্রভাথ জয়াসুরিয়া ২৮ বল ক্রিজে লড়াই করে রবীন্দ্র জাদেজার বলে সেই দ্বিতীয় স্লিপেই ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। শ্রীলঙ্কার লিড ১৫০ ছাড়িয়ে গেলেও ভারতের সামনে তখনো দেড় সেশনের মতো সময় বাকি ছিল এবং উইকেট দরকার ছিল কেবল দুটি।
তবে নবম উইকেটে লাহিরু কুমারাকে সঙ্গে নিয়ে ভারতীয় বোলারদের সব আশা শেষ করে দেন দিনুশা। টার্ন সামলাতে চমৎকারভাবে সুইপ শট ব্যবহার করেন এই বাঁহাতি। এই জুটি ১৬৯ বল খেলে ৪৭ রান যোগ করে সময় পার করে দেয়, আর এরই মাঝে টেস্টের দুই ইনিংসেই নিজের সেঞ্চুরি পূর্ণ করেন দিনুশা। সেঞ্চুরির পরই কুমারার একটি স্লগ সুইপ ডিপ মিড উইকেটে জুরেলের সামনে পড়লেও অল্পের জন্য বেঁচে যান।
শেষ পর্যন্ত কুমারার ব্যাটের ভেতরের কানায় লেগে আসা ক্যাচ শর্ট লেগে থাকা যশস্বী জয়সওয়াল তালুবন্দি করলে ১২ রানে শেষ হয় তার লড়াই। তবে ততক্ষণে ম্যাচের সময় ফুরিয়ে আসে। বাকি সময়টুকু কোনো বিপদ ছাড়াই পার করে দিয়ে শ্রীলঙ্কাকে ড্র উপহার দেন দিনুশা, যার ফলে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় লঙ্কানরা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৫০৩/৯ ডিক্লেয়ার (দেবদূত পাডিক্কাল ১১৭, ধ্রুব জুরেল ১১৫; আসিথা ফার্নান্দো ৪/১০৬, প্রভাথ জয়াসুরিয়া ২/১৩২)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৯০ (সোনাল দিনুশা ১০৩, পাসিন্দু সুরিয়াবান্দারা ৮০; প্রসিধ কৃষ্ণা ৩/৫২, মানব সুথার ৩/৮৫)
শ্রীলঙ্কা ২য় ইনিংস (ফলো-অন): ৪২৯/৯ (সোনাল দিনুশা ১৩৩*, পাসিন্দু সুরিয়াবান্দারা ৯২; রবীন্দ্র জাদেজা ৩/৯৪, মানব সুথার ৩/১২১)
ফল: ম্যাচ ড্র।









