ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট শিকার করলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আলি উসমান। তারপরও হেডিংলি টেস্টের নাটাই ইংল্যান্ডের হাতেই।
পাকিস্তানকে ১৭১ রানে গুটিয়ে দেওয়ার পর ৮ উইকেটে ৩৬৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ইংলিশরা। এগিয়ে আছে ১৯৫ রানে।
হেডিংলিতে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনেও ব্যাট হাতে ইংলিশদের আলো ছড়ানোর চেষ্টা শেষ হয়েছে খানিকটা আক্ষেপেই। আর সেই সুযোগে পাকিস্তানের বাঁহাতি স্পিনার আলী উসমান হয়ে উঠেছেন দিনের সবচেয়ে উজ্জ্বল মুখ।
দিনের শুরু থেকেই ইংল্যান্ডের ব্যাটাররা বড় সংগ্রহের পথে এগোনোর চেষ্টা করেন। তাদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হ্যারি ব্রুক। ৯৩ বলে ৯১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। সাম্প্রতিক সময়ের তুলনায় বেশ সংযত ও পরিমিত ব্যাটিং করলেও শেষ পর্যন্ত শতকের খুব কাছ থেকে থামতে হয় তাকে।
হেডিংলিতে ঘরের মাঠে টেস্ট সেঞ্চুরি করার সুযোগ এবারও হাতছাড়া হলো ব্রুকের। গত গ্রীষ্মে ভারতের বিপক্ষে ৯৯ রানে আউট হয়ে শতক থেকে এক রান দূরে থেমেছিলেন তিনি। এবারও সেই একই মাঠে শতকের অপেক্ষা দীর্ঘ হলো। তবে এবারও তার পথে বাধা হয়ে দাঁড়ালেন একজন স্পিনার।
আলী উসমানের একটি স্কিড করা আর্ম বল ব্রুকের প্রতিরোধ ভেঙে দেয়। ৯১ রানে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের এই ব্যাটার। এছাড়া জো রুট ৬৬ আর ড্যান লরেন্স আউট হন ৫১ রান করে।
দিন শেষে ৯২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফাইফার তুলে নেন আলি উসমান। পাকিস্তানের এই বাঁহাতি স্পিনারের কীর্তি আরও বিশেষ হয়ে উঠেছে একটি ঐতিহাসিক কারণে। ১৯৭২ সালের অ্যাশেজে অস্ট্রেলিয়ার অ্যাশলে ম্যালেটের পর হেডিংলিতে কোনো সফরকারী স্পিনারের পাঁচ উইকেট নেওয়ার ঘটনা আর দেখা যায়নি। দীর্ঘ ৫৪ বছর পর সেই অপেক্ষার অবসান ঘটালেন উসমান।









