সিরাজগঞ্জের নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
শুক্রবার মধ্যরাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রঞ্জন দেবনাথ বলেন, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এসময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হন। আহত হন আরো অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।









