ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির পরও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ফলে ইনিংস ও ৩৮ রানে ম্যাচ জিতে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।
টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।
শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি। তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন মিরাজ।তাঁর ১০৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে ২৬৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৪১ বলের ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও চারটি ছক্কায়।
মিরাজ ছাড়া বাংলাদেশের হয়ে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। বাংলাদেশের ইনিংসে ধস নামাতে বড় ভূমিকা রাখেন কোরি রকিচোলি। ২৪ ওভারে ৮৩ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও দ্রুত পরিস্থিতি সামলে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। টিগ উইলির ব্যাটে বড় সংগ্রহের ভিত পায় তারা। ১৭৭ বলে ১৩০ রান করেন তিনি। সবমিলিয়ে ৩৫৫ রানে থামে অস্ট্রেলিয়া একাদশের ইনিংস।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৪ উইকেট নেন। ১৯ ওভারে মাত্র ৪২ রান খরচ করেন তিনি। তাসকিন আহমেদ ও মিরাজ দুটি করে এবং খালেদ আহমেদ ও ইবাদত হোসেন একটি করে উইকেট নেন।
৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও একই চিত্রনাট্য, আবারও ব্যাটিং বিপর্যয়। সাদমান ৬, মুমিনুল ৬ এবং শান্ত শূন্য রানে ফেরেন। সৌম্য ৫ ও মুশফিকুর রহিম ২ রান করে আউট হলে মাত্র ৩৬ রানেই চার উইকেট হারায় বাংলাদেশ।
তানজিদ হাসান তামিম ২২ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪১ বলে ২২ রান করে থম্পসনের বলে এলবিডব্লিউ হন তিনি।
এরপর দ্রুতই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। আমিত হাসান ৪ এবং মিরাজ ৬ রান করে ফিরতেই ২২ ওভারে ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে একাই তাণ্ডব চালান ক্যামবেল থম্পসন। মাত্র ১১ ওভার বল করে ২৫ রান দিয়ে ৮ উইকেট নেন তিনি। বাকি দুটি উইকেট পান রকিচোলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তিনদিনের এই প্রস্তুতি ম্যাচটি নাজমুল হোসেন শান্তর দলের জন্য অশনি সংকেত। আগামী ১৩ আগস্ট টেস্ট শুরু হচ্ছে। তার আগের কয়েকটা দিন নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করার বিকল্প নেই ক্রিকেটারদের সামনে।









