মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, তেহরান আর নতুন করে হামলার পরিস্থিতিতে যেতে চায় না।
শুক্রবার (৭ আগস্ট) প্রকাশিত এক সাক্ষাৎকারে পাঞ্চবোল নিউজকে ট্রাম্প বলেন, ইরান নতুন করে কোনো হামলা চায় না; বরং তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। এখন আলোচনার ফল কী হয়, সেটিই দেখার বিষয়।
এর আগে গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি ‘কাঠামো চুক্তি’ স্বাক্ষর করে। এর পর চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হলেও নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধ দেখা দেয়।একপর্যায়ে আলোচনা স্থবির হয়ে পড়ে।
পরবর্তী সময়ে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন হামলার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।এর প্রতিক্রিয়ায় তেহরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালায়।
তবে বৃহস্পতিবার ট্রাম্প জানান, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ইতিবাচকভাবেই এগিয়ে যাচ্ছে। তাঁর আশা, খুব শিগগিরই দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে।









