গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। লিভার সংক্রান্ত জটিলতায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের অসুস্থতার খবর সংবাদমাধ্যমে নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। তিনি জানান, কারিনার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে শুক্রবার (৮ মে) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়ের অসুস্থতা প্রসঙ্গে কায়সার হামিদ বলেন,
আগেই ওর ফ্যাটি লিভার ছিল, অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। হঠাৎ লিভারে ইনফেকশন হয়েছে, হেপাটাইটিস এ–তেও আক্রান্ত হয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
এদিকে কারিনা কায়সারের অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। শনিবার (৯ মে) ফেসবুক পোস্টে ডানা জানান, কারিনা হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-তে আক্রান্ত হয়েছেন।
ডানা আরও জানান, সংক্রমণ থেকে কারিনার লিভার ফেইলর হয়েছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কারিনার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কারিনার জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানান ডানা।
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।










