বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি তার ভারত সফরের কথা উল্লেখ করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা অধিবেশনে খলিলুর রহমান বলেন, ‘এই সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেওয়া স্বাভাবিক করার জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগির এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতিতে প্রতিফলিত। তা অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সংযোগ ও জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে।

রোহিঙ্গা সংকট
সিলেট-৫ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে খলিলুর রহমান জানান, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা বিচারাধীন। এ মামলায় মিয়ানমারের দায় নির্ধারণ, চলমান নিপীড়ন বন্ধ, ভুক্তভোগীদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। একাধিক রাষ্ট্রের অংশগ্রহণে লিখিত ও মৌখিক শুনানি সম্পন্নসহ মামলাটি এরই মধ্যে গুরুত্বপূর্ণ পর্যায়ে অগ্রসর হয়েছে। আদালতের রায় শিগগির প্রত্যাশিত।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কার্যালয়ের সর্বশেষ ১৩ এপ্রিলের তথ্যমতে, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন।

মন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারের আলোকে বহুমুখী পদক্ষেপ হাতে নিয়েছে। এ সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। আইসিজেতে চলমান বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশের নৈতিক ও কূটনৈতিক সমর্থন দেওয়া অব্যাহত রাখা হয়েছে। বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে মানবিক দায়িত্ব পালন, আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে অটল অবস্থান ও সক্রিয় কার্যক্রম বজায় রেখেছে।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশে অস্থায়ীভাবে বসবাসরত ১২ লাখ রোহিঙ্গার দ্রুততার সঙ্গে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কাজ করছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমানা সুরক্ষিত রাখা এবং মানবপাচার, মাদক চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

সার্ককে সক্রিয় করা

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার তার ১৮০ দিনের কর্মসূচিতে সার্ককে সক্রিয় করার পদক্ষেপ নিয়েছে। সার্ককে পুনরুজ্জীবিত করার ব্যাপারে সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের বাংলাদেশ সরকারের আগ্রহের কথা জানানো হয়েছে। পারস্পরিক আস্থা, আঞ্চলিক সংলাপ এবং সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে সার্ককে পুনরায় কার্যকর করা সম্ভব। এ লক্ষ্যে বাংলাদেশ সক্রিয়, গঠনমূলক ও দূরদর্শী কূটনৈতিক ভূমিকা পালন অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিহত

জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী নির্মমভাবে নিহত হয়েছেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও ফ্লোরিডার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিহতদের পরিবার এবং বিশ্ববিদ্যালয় ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখেছে। নিহতদের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা

নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের প্রশ্নের জবাবে খলিলুর রহমান জানান, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। এ লক্ষ্যে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প