বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁর ধামইরহাট উপজেলার চাঁনকুড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুদুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১১টার দিকে একই দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মাছুদুর রহমান ও নয়নকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।









