মার্ভেলের নতুন সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে ৯২৭ মিলিয়ন মার্কিন ডলার। এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহ শেষের আয়।
এর চেয়ে বেশি আয় নিয়ে শীর্ষে রয়েছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ছবিটির উদ্বোধনী সপ্তাহে আয় ছিল ১.২ বিলিয়ন ডলারেরও বেশি।
বাস্তব জীবনের যুগল টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুধু বিশ্বব্যাপী নয়, উত্তর আমেরিকাতেও নতুন রেকর্ড গড়েছে। সেখানে প্রথম সপ্তাহ শেষে সিনেমাটি আয় করেছে ৩৩৫ মিলিয়ন ডলার। এই আয় ওই অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী।
প্রায় ২২৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই সেই বাজেট বহু গুণে ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের বাইরে ৭৩ হাজারের বেশি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি আয় করেছে ৫৭২ মিলিয়ন ডলার। এর মধ্যে শুধু চীন থেকেই এসেছে ১২১ মিলিয়ন ডলার। যুক্তরাজ্যে আয় হয়েছে ৪৯ মিলিয়ন ডলার।
সাম্প্রতিক বছরগুলোতে মার্ভেলের বেশ কয়েকটি সিনেমা প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। ‘দ্য মার্ভেলস’ ও ‘থান্ডারবোল্টস’ নির্মাণ ব্যয় তুললেও বক্স অফিসে বড় সাফল্য পায়নি।
এমন পরিস্থিতিতে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর এই বিশাল সাফল্য মার্ভেল স্টুডিওর জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আগামী ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র আগে এই সাফল্য স্টুডিওকে নতুন আত্মবিশ্বাস দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।









