ফ্লোরিডার টাম্পা বে এলাকার যেখান থেকে বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, ওই এলাকা থেকেই নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহও উদ্ধার করেছে ফ্লোরিডা পুলিশ।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন লিমন ও বৃষ্টি। গত ১৬ এপ্রিল থেকে দুজনই নিখোঁজ ছিলেন। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে টাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচ থেকে প্রথম লিমনের মরদেহ উদ্ধার করা হয় বলে গত ২৪ এপ্রিল জানায় পুলিশ।
২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছাকাছি একটি জলাশয় থেকে মরদেহের আরও কিছু অংশ উদ্ধার করা হয়। পরে ১ মে পুলিশ জানায়, ওই দেহাবশেষ বৃষ্টির। ফ্লোরিডা পুলিশ কীভাবে বৃষ্টির মরদেহ শনাক্ত করল, এক প্রতিবেদনে তা তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি নিউজ।
লিমন ও বৃষ্টিকে হত্যার দায়ে ইতোমধ্যে লিমনের সাবেক রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি পুলিশও জোর তদন্ত চালিয়ে যাচ্ছে।
হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস শুক্রবার ১ মে জানায়, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিখোঁজ পিএইচডি শিক্ষার্থীর সন্ধান করতে গিয়ে গত ২৬ এপ্রিল উদ্ধার করা মানুষের দেহাবশেষগুলো নাহিদা বৃষ্টির বলে নিশ্চিত হওয়া গেছে।
শেরিফ চ্যাড ক্রনিস্টার এক সংবাদ সম্মেলনে বলেন, ডিএনএ পরীক্ষা, দাঁতের তথ্য ও ভিডিওতে দেখা যাওয়া পোশাকের সঙ্গে মিলিয়ে এটি নিশ্চিত করা হয়েছে।
যেভাবে মিলেছিল দেহাবশেষ : প্রতিবেদনে বলা হয়, বৃষ্টির মরদেহ বেশ আকস্মিকভাবেই উদ্ধার হয়। হাওয়ার্ড ব্রিজের কাছে সেন্ট পিটার্সবার্গের ম্যানগ্রোভ বনে গত ২৬ এপ্রিল ছোট নৌকায় করে মাছ ধরছিলেন দুই ব্যক্তি। মাছ ধরার সময় তাদের একজন হঠাৎ খেয়াল করেন, তার বড়শির সুতা পানির নিচে কোনো ব্যাগে আটকে যাচ্ছে। সুতাটি ছাড়ানোর জন্য তিনি ম্যানগ্রোভের আরও ভেতরের দিকে যান।
বনের গভীরে গিয়ে তারা তীব্র দুর্গন্ধ পান। দুর্গন্ধের কারণ খুঁজতে খুঁজতে একপর্যায়ে তারা পানিতে একটি প্লাস্টিকের ব্যাগ দেখেন। ব্যাগটি কিছুটা ছেঁড়া বা খোলা অবস্থায় ছিল এবং ভেতরে লবণাক্ত পানি ঢুকে গিয়েছিল।
ওই দুজন ব্যাগের ভেতরটা দেখে বুঝতে পারেন, এতে মানুষের দেহের কোনো অংশ আছে। তারা সময় নষ্ট না করে দ্রুত আইনশৃঙ্খলা সংস্থাকে খবর দেন বলে এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে। পরে পুলিশ ও ডুবুরিদল এসে সেখান থেকে দেহাবশেষগুলো উদ্ধার করে।
প্রতিবেদনে বলা হয়, বৃষ্টির মরদেহ শনাক্তের প্রক্রিয়াটি ছিল বেশ জটিল। এক্ষেত্রে প্রযুক্তির পাশাপাশি পারিপার্শ্বিক প্রমাণের সাহায্য নেওয়া হয়েছে। মরদেহ শনাক্তের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হিসেবে ডিএনএ পরীক্ষা করা হয়েছে। উদ্ধার দেহাংশ থেকে সংগ্রহ করা ডিএনএ পরীক্ষা করে কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে সেগুলো নিখোঁজ বৃষ্টির।
পাশাপাশি ফরেনসিক তদন্তে বৃষ্টির দাঁতের গঠন ও চিকিৎসার আগের তথ্য ব্যবহার করা হয়েছে। হিলসবোরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, ‘আগে বৃষ্টির দাঁতের চিকিৎসা করানো হয়েছিল। সেই তথ্য থেকে পাওয়া দাঁতের গঠনের চিত্রের সঙ্গে উদ্ধার মরদেহের দাঁতের গঠনের হুবহু মিল পাওয়া গেছে।’
এছাড়া, নিখোঁজ হওয়ার দিন ভিডিও ফুটেজে বৃষ্টিকে যে পোশাকে দেখা যায়, উদ্ধার মরদেহের সঙ্গে পাওয়া পোশাক তার সঙ্গে মিলে গেছে। এটি শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও সহজ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত আবুঘারবিয়ার অ্যাপার্টমেন্টের রান্নাঘরের একটি ম্যাট থেকে রক্তের নমুনা সংগ্রহ করেছিল পুলিশ। ওই রক্ত ও কোষের ডিএনএ পরীক্ষার ফলাফলও উদ্ধার মরদেহের সঙ্গে মিলে যাওয়ায় তদন্তকারীরা নিশ্চিত হন যে এটিই নিখোঁজ বৃষ্টির দেহাবশেষ।
ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট ইতোমধ্যে বাংলাদেশে বৃষ্টির ভাইকে ফোন করে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে বৃষ্টি ও লিমনের স্মরণে একটি শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম বলেন, ‘এই বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। নাহিদা বৃষ্টি ও জামিল লিমন তাদের জীবন গড়ছিলেন, কমিউনিটি তৈরি করছিলেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে অবদান রাখছিলেন।’
বিশ্ববিদ্যালয়ের স্মৃতিফলকে এই দুই বাংলাদেশি শিক্ষার্থীর নামও থাকবে বলে ঘোষণা দেওয়া হয়। প্রতিবছর সেখানে তাদের স্মরণ করা হবে।
বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু : ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মৃতদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার (১ মে) হোয়াটসঅ্যাপে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মোর্তোজা।
এদিকে যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে আরেকজন, জামিল আহমেদ লিমনের মৃতদেহ ৪ মে ঢাকায় পৌঁছাবে। গোলাম মোর্তোজা জানান, ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস-এর একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিমনের মৃতদেহ পৌঁছাবে। মৃতদেহটি একটি ফিউনারেল হোম বা সৎকার প্রতিষ্ঠানের মাধ্যমে গত ২ মে রাত ৮টা ৫০ মিনিটে ওরল্যান্ডো থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জোহরের নামাজের পর ফ্লোরিডার ‘ইসলামিক সোসাইটি অফ ট্যাম্পা বে এরিয়া’য় লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
কী ঘটেছিলো সেদিন?
বাংলাদেশি দুই ডক্টরেট শিক্ষার্থী লিমন ও বৃষ্টি (দুজনেরই বয়স ২৭ বছর) গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। লিমনকে সর্বশেষ ক্যাম্পাসের বাইরের সেই অ্যাপার্টমেন্টে দেখা গিয়েছিল, যেখানে তিনি ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়েহ এবং আরেকজন রুমমেটের সঙ্গে থাকতেন। হিশামকেই মূলত এই খুনের সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে।
গোয়েন্দারা মোবাইল ফোনের অবস্থান এবং গাড়ির লাইসেন্স প্লেট রিডারের তথ্য ব্যবহার করে হিশামের গাড়ি এবং লিমনের ফোনের লোকেশন ট্র্যাক করেন। সেই ট্র্যাক ধরেই গত ২৪ এপ্রিল একটি ব্রিজের কাছ থেকে লিমনের মৃতদেহ উদ্ধার করা হয়। সরকারি আইনজীবীদের (প্রসিকিউটর) দায়ের করা প্রতিবেদন অনুযায়ী, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং তাকে বেঁধে রাখা হয়েছিল বলে মনে হয়েছে। এরপর গত ২৬ এপ্রিল কাছাকাছি একটি জলাশয় থেকে আরেকটি মৃতদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। এটিই যে নিখোঁজ বৃষ্টির মৃতদেহ, তা এখন নিশ্চিত করা হলো।
আটক রুমমেট, যা বলছে রেকর্ড ঘটনার কয়েকদিন পরই একটি সোয়াত দল সন্দেহভাজন হিশামকে তার মা-বাবার বাসা থেকে গ্রেপ্তার করে। আদালত কোনো ধরনের জামিন ছাড়াই তাকে আটকে রাখার নির্দেশ দেন। হিলসবার্গ কাউন্টির বিচারক লোগান মারফি ট্যাম্পায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত শুনানিতে জানান, হিশাম কোনো সাক্ষী বা ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে না।
আদালতের রেকর্ড অনুযায়ী, হিশাম আবুঘারবিয়েহের বিরুদ্ধে অস্ত্রসহ ফার্স্ট ডিগ্রি মার্ডার বা পূর্বপরিকল্পিত হত্যার দুটি অভিযোগসহ আরও বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ডও হতে পারে। তবে প্রসিকিউটররা এই শাস্তির আবেদন করবেন কি না, তা এখনও স্পষ্ট করেননি।
ওই দুজন নিখোঁজ হওয়ার কয়েকদিন পর হিশামকে জেরা করা হলে সে এই ঘটনায় নিজের জড়িত থাকার কথা অস্বীকার করে। তবে সেসময় তার কনিষ্ঠ আঙুলে ব্যান্ডেজ বাঁধানো থাকার বিষয়টি গোয়েন্দাদের নজরে আসে বলে এক প্রিট্রায়াল বা বিচারপূর্ব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরে অ্যাপার্টমেন্ট ম্যানেজারের সাহায্যে তদন্তকারীরা ওই বাসায় প্রবেশ করেন। তৃতীয় একজন রুমমেট পুলিশকে জানিয়েছেন, গত ১৬ এপ্রিল রাতে হিশাম একটি ট্রলি বা কার্ট ব্যবহার করে নিজের ঘর থেকে বেশ কিছু কার্ডবোর্ডের বাক্স ময়লা ফেলার জায়গা বা ট্র্যাশ কম্প্যাক্টরে ফেলে এসেছিলেন।









