মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উলটে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। দুর্ঘটনায় এসআইসহ আহত হয়েছেন অন্তত ৯ জন।
বৃহস্পতিবার মাদারীপুর-শরীয়তপুর সড়কের খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় ছয় স্থানে আরও ছয়জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে গাইবান্ধায় মোটরসাইকেল আরোহী, ময়মনসিংহ ও রাজবাড়ীতে দুই যুবক, পটুয়াখালীতে ব্যবসায়ী, মৌলভীবাজারে টমটমচালক এবং গাজীপুরে বৃদ্ধ রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ
কালকিনি-ডাসার ও টেকেরহাট (মাদারীপুর) : নিহত কনস্টেবল আব্দুস সালাম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পশ্চিম চরকরমশি গ্রামের আব্দুল বারেক ভ‚ঁইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকা থেকে চার আসামি ধরে পিকআপে শিবচর থানায় নেওয়া হচ্ছিল। পিকআপটি মঠেরবাজার এলাকায় পৌঁছালে এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে পিকআপে থাকা কনস্টেবল আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মোজাম্মেল হক, কনস্টেবল সোহেল মাতুব্বর, শামীম মিয়া, হাসান হোসেন ও কনস্টেবল শরীফুল ইসলাম। এছাড়া দুর্ঘটনায় চার পথচারীও আহত হয়েছেন।









