পশ্চিমবঙ্গে এবার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আর তাতে পুড়ে প্রাণ হারালেন অন্তত ছয়জন। সোমবার (১৭ আগস্ট) ভোররাতে বীরভূম জেলার বিখ্যাত তীর্থস্থান তারাপীঠে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৪টা নাগাদ হঠাৎ হোটেলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে হোটেলের বিভিন্ন তলায়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, যারা প্রাণ হারিয়েছেন, তারা সবাই তীর্থযাত্রী ছিলেন। গভীর রাতে অগ্নিকাণ্ডের সময় তারা কেউ সতর্ক হওয়ার সুযোগ পাননি। শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত আগুনের সঠিক কারণ জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকাজ ও আগুন নেভানোর প্রক্রিয়া চলছে।









