রাজধানীর ডেমরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম বলেন, রাত আনুমানিক ১১টার দিকে ডেমরা থানার অদূরে সুফিয়া কামাল ব্রিজের নিচে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে রাত সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইফুল ইসলাম পাঠাও চালক ছিলেন বলে জানান এসআই সাদ্দাম। তাঁর বাড়ি নরসিংদী এলাকায়। মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে।
এসআই সাদ্দাম আরও বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
অন্যদিকে একই দিন রাত আনুমানিক ১২টার দিকে ডেমরা থানাধীন মস্তুমাঝি এলাকায় পুলিশ চেকপোস্টের পাশে বালুর ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন রাসেল মিয়া (৩৫), রেজাউল করিম (২৫), মো. শাহজাহান (৩২) ও ফরহাদ (৪২)। তাঁদের রাত তিনটার দিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তিরা জরুরি বিভাগে চিকিৎসাধীন।









