বলিউডে ঈদ উৎসব মানেই যেন সালমান খান। হিন্দি সিনেমার দর্শকের কাছে গত দেড় দশকেরও বেশি সময় ধরে এই সমীকরণ প্রায় অভ্যাসে পরিণত হয়েছিল।
সেই চেনা ছন্দে আবারো ফিরতে চলেছেন ভাইজান।
কিন্তু এবার তার সামনে রয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস।
২০২৭ সালের ঈদে তাই হয়ে উঠতে পারে দুই তারকার বক্স অফিস লড়াইয়ের মঞ্চ।
সালমানের নতুন সিনেমা ‘এসভি৬৩’-এর পরিচালক বংশী পৈডিপল্লী।সিনেমাটির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে লক্ষ্য আগামী বছরের ঈদ, এমনটিই শোনা যাচ্ছে।আর এ কারণেই দুই তারকার বক্স অফিসে লড়াইয়ের আশঙ্কা ভক্তদের।
কারণ, প্রভাসের ‘স্পিরিট’ মুক্তির দিনক্ষণ স্থির করা হয়েছে ২০২৭ সালের ৫ মার্চ। এর মধ্যেই ছড়িয়ে পড়েছিল একটি খবর- সালমানের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা এড়াতে নাকি প্রভাসের সিনেমার মুক্তির সময় পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ ঈদের মাঠ ছেড়ে অন্য কোনও তারিখ বেছে নিতে চলেছে ‘স্পিরিট’!
কিন্তু সেই জল্পনায় আপাতত ইতি টেনেছে টি-সিরিজ। প্রযোজনা সংস্থার দাবি, ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ বদলাচ্ছে না। নির্ধারিত সূচি মেনেই আসছে বছরের ৫ মার্চ সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে।
‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে রয়েছেন তৃপ্তি দিমরি। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কেও। তবে সিনেমার গল্প নিয়ে নির্মাতারা এখনও বেশি তথ্য প্রকাশ্যে আনেননি।
অন্যদিকে, ঈদের সঙ্গে সালমানের সিনেমা মুক্তির সম্পর্ক দীর্ঘদিনের। ‘ওয়ান্টেড’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’, ‘বাজরাঙ্গি ভাইজান’-এর মতো একাধিক সিনেমার সাফল্য এই উৎসবেই মুক্তির পর এসেছে।
তবে মুক্তির তারিখ ঘোষণা না হওয়ায় সালমানের সিনেমা ঈদে আসবে কিনা, এখনও সেই উত্তর অজানা। ফলে বক্স অফিসে লড়াইয়ের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই শেষ মুহূর্তে কোনও একটি সিনেমার মুক্তির তারিখ বদলাতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।









