ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে অল্প সময়েই নিজস্ব অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হওয়ার পর একে একে দর্শকদের উপহার দিয়েছেন ‘দাগি’ ও ‘দম’।
তিনটি সিনেমার পরিচালক ভিন্ন হলেও প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল আলফা আই এবং এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।
এবার জানা গেল, নিশোকে ঘিরে আরও বড় পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, আফরান নিশোকে নিয়ে নতুন তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে। পাশাপাশি আরও একটি প্রকল্প নিয়েও আলোচনা চলছে।
এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে নিশোকে মূলত সংগ্রামী, বঞ্চিত কিংবা প্রতারিত মানুষের চরিত্রে দেখা গেছে। তবে নতুন সিনেমাগুলোতে দর্শকরা তাকে ভিন্ন রূপে দেখতে পাবেন বলে জানিয়েছেন প্রযোজক। তার ভাষ্য, দর্শকেরা দীর্ঘদিন ধরেই নিশোকে আরও শক্তিশালী, নায়কোচিত ও বড় ক্যানভাসের চরিত্রে দেখতে চেয়েছেন। নতুন প্রকল্পগুলোতে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
যদিও সিনেমাগুলোর নাম কিংবা পরিচালকদের বিষয়ে এখনই বিস্তারিত জানানো হয়নি, তবে চলচ্চিত্র অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে যে, নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত বহুল আলোচিত ‘পুলসিরাত’ প্রকল্পে অভিনয় করতে পারেন নিশো। সেই সিনেমায় তার বিপরীতে দেখা যেতে পারে মেহজাবীন চৌধুরীকে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে এসভিএফ-আলফা আইয়ের সঙ্গে নির্মাতা রায়হান রাফী এবং জাহিদ প্রীতমেরও একাধিক প্রকল্প নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার একটি দৃশ্য শেয়ার করে রায়হান রাফী তার ফিল্ম ইউনিভার্সে আফরান নিশোকে স্বাগত জানানোর পর থেকেই নতুন জল্পনা শুরু হয়েছে।
অনেকের ধারণা, বহুল আলোচিত ‘তাণ্ডব’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে নিশোকে।
মুক্তির সময়সূচি নিয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরই নতুন সিনেমার ঘোষণা এবং শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বড়পর্দায় আফরান নিশোর নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।









