ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কে তিক্ততা শুরু হয়েছে। সোমবারের এক ফোনকলে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়েছেন বলে জানা গেছে। তিনি নেতানিয়াহুকে ‘পুরোপুরি পাগল’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন সবাই ‘ইসরায়েলকে ঘৃণা করে’। একই সঙ্গে তিনি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতি দাবি করেন। খবর টাইমস অব ইসরায়েলের।
নেতানিয়াহুকে ট্রাম্প বলেন, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস এসব তথ্য জানিয়েছে।
এই ফোনকল সম্পর্কে অবগত অন্য একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ‘খুবই ক্ষিপ্ত’ ছিলেন এবং এক পর্যায়ে নেতানিয়াহুর ওপর চিৎকার করে বলেন, তুমি এসব কী করছ?
সূত্রগুলো আরও জানিয়েছে যে, লেবাননে সংঘাত বৃদ্ধির বিষয়ে হওয়া ওই ফোনকলে ট্রাম্প নেতানিয়াহুকে অকৃতজ্ঞ বলে অভিযুক্ত করেন। অ্যাক্সিওসের বর্ণনা অনুযায়ী এই ফোনকলটি ছিল ‘অশ্লীল গালাগালিতে ভরপুর’।
যদিও মার্কিন কর্মকর্তারা সংবাদ সাইটটিকে বলেছেন যে, হিজবুল্লাহ ইসরায়েলের দিকে বারবার গুলি চালাচ্ছে এবং জেরুজালেমের পাল্টা জবাব দেওয়ার অধিকার আছে। সে বিষয়ে ট্রাম্প অবগত ছিলেন, তবুও তিনি বিশ্বাস করেন যে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। ফলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর ওয়াশিংটনের প্রচেষ্টা ঝুঁকির মুখে পড়েছে, কারণ ইরান লেবাননে একটি যুদ্ধবিরতির শর্তে চুক্তি করতে চাইছে।
এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ওই ফোনকলে ট্রাম্প নেতানিয়াহুকে ‘একহাত নিয়েছেন’ এবং নেতানিয়াহু বলেছেন, ঠিক আছে, ঠিক আছে, শুধু নিশ্চিত করো যেন সবকিছুর ব্যবস্থা হয়ে যায়। তবে এই প্রতিবেদন সম্পর্কে মন্তব্যের অনুরোধে নেতানিয়াহুর কার্যালয় কোনো সাড়া দেয়নি।









