ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো পারমাণবিক আলোচনা চলছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির বিস্তারিত বিষয় নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনায় অংশ নিচ্ছে না।
তিনি বলেন, পারমাণবিক বিষয়ে কখন পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা আমরা জানি। পারমাণবিক ফাইলের বিস্তারিত বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো যুদ্ধের অবসান ঘটানো।
তিনি আরও অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য আমরা যা প্রয়োজন মনে করবো সেসব পদক্ষেপই নেব।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দক্ষিণের একটি বন্দরে মার্কিন হামলার পর সংক্ষিপ্ত সামরিক সংঘাতের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে।
এর আগে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না এবং ইরানি জনগণের অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে সম্মত হবে না।
তার এই বক্তব্য এমন সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে আরও কঠোর শর্তযুক্ত একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছেন। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।









