কোভিড পরবর্তী সময়ে যখন বলিউডের বক্স অফিস ধুঁকছিল, তখন একাই ইন্ডাস্ট্রিকে টেনে তুলেছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। ২০২৩ সালে তার ধারাবাহিক সাফল্যে নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল হিন্দি সিনেমা। এবার সেই অ্যাকশন ধারাতেই আরও বড় ঝড় তুলতে প্রস্তুত তিনি।
শুক্রবার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’সিনেমার নতুন ঝলক। সেখানেই আবারও অ্যাকশন রূপে ধরা দিয়েছেন শাহরুখ, যা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
ঘোষণায় জানানো হয়েছে, সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর, বড়দিনের সপ্তাহে। ক্যাপশনে উল্লেখ করা হয়েছে- “এমন এক গর্জন, যা পুরো রাজত্বকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।”
প্রায় ৪০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত এই অ্যাকশন থ্রিলার এরই মধ্যে আলোচনার শীর্ষে। নতুন ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
শুধু আলোচনাই নয়, সিনেমার ব্যবসায়িক দিকেও এরই মধ্যেই বড় অগ্রগতি হয়েছে। শোনা যাচ্ছে, থিয়েট্রিক্যাল স্বত্ব প্রায় ২৫০ কোটি রুপি বিক্রি হয়েছে, যা কিনেছে ডিস্ট্রিবিউটর সংস্থা পেন মারুধর।
ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, ভারতের বিভিন্ন রাজ্যে প্রায় ১০ হাজারেরও বেশি স্ক্রিনে মুক্তি পেতে পারে ‘কিং’। ফলে এটি হতে যাচ্ছে বলিউডের অন্যতম বৃহৎ মুক্তি।
এর আগে ‘জওয়ান’, ‘ডাঙ্কি’, ‘জিরো’, ‘বদলা’সহ একাধিক সিনেমার ব্যবসায়িক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।
সব মিলিয়ে বড়দিনের উৎসবে আবার বক্স অফিসে অ্যাকশনের ঝড় তুলতে চলেছেন শাহরুখ খান-এমনটাই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।









