নতুন আঙ্গিকের গান করে সংগীতপ্রেমীদের মুগ্ধ করলেন সংগীতশিল্পী প্রীতম হাসান। বাংলাদেশে আর্মিদের জন্য তৈরি নতুন একটি গান ইতিমধ্যে নেটদুনিয়ায় সাড়া ফেলেছে।
নতুন গানটির শিরোনাম ‘প্রহরী’। ‘ওই ওরা আজও আছে যে দাঁড়িয়ে, আলোর প্রতীক হয়ে, ওপারে অপার হয়ে তাকিয়ে, আশা ভরা চোখ নিয়ে, অন্তহীন আকাশে তারা আসে, আমি তো সে একই পথের পথিক’-এমনই হৃদয়গ্রাহী কথায় মনোমুগ্ধকর সুরে গানটি তৈরি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রীতম হাসান ও বাংলাদেশ আর্মি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। মুক্তির মাত্র ১৮ ঘন্টা পেরোতেই সংগীতপ্রেমীদের মনে সাড়া ফেলেছে গানটি।
মিউজিক ভিডিওতে জীবন্ত হয়ে উঠেছে সেনাবাহিনীর পেশাজীবনের উত্তেজনাপূর্ণ নানা মুহূর্ত। দেশপ্রেমের শক্তিতে বলিয়ান বাংলাদেশ আর্মির জয়গান এই ‘প্রহরী’।
গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, ভিডিও পরিচালনায় ছিলেন মনজুর অনিক। অল্প সময়ের মধ্যেই ইউটিউব ও ফেসবুকে গানটির দারুণ প্রশংসা কুড়াচ্ছে।
সাধারণ দর্শক থেকে শুরু করে জনপ্রিয় তারকারাও তাদের ভালোলাগার কথা জানাতে শুরু করেছেন মন্তব্যের ঘরে। শোবিজ দুনিয়ার তারকাদের তালিকায় রয়েছেন অভিনেতা আরিফিন শুভ, শামীম হাসান সরকার, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ প্রমুখ।
জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির গানটির লিংক তার ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ‘অসাধারণ একটি গানের সাথে তৈরি একটি সুন্দর, অনুপ্রেরণামূলক গল্প। প্রীতম হাসান, তুমি সত্যিই অনবদ্য কাজ করেছ!’
গায়িকা সুনিধি নায়েক লিখেছেন, ‘আমরা প্রীতম হাসানের যুগে বাস করছি। ফাটাফাটি হয়ছে’।
প্রসঙ্গত, নতুন গানটি প্রীতম হাসানের কণ্ঠ, সুর ও সংগীতায়োজনে তৈরি। গায়কের ব্যতিক্রমধর্মী এ গানে ফুটিয়ে তোলা হয়েছে দেশের সেনাবাহিনীর ত্যাগ, নিষ্ঠা ও সততার অদম্য শক্তি।










