গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় হান্নান হাওলাদার নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ডেলিভারি ম্যান ছিলেন।
২৫ ডিসেম্বর (ক্রিসমাস ডে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এথেন্সের হালান্দ্রী এলাকায় মোটরসাইকেল চালানোর সময় একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হান্নান হাওলাদার। পরে জরুরি সেবা সংস্থা EKAV তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।
নিহত হান্নান হাওলাদার মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা এবং লতিফ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গ্রিসে বসবাস করছিলেন এবং ডেলিভারি কাজে নিয়োজিত ছিলেন।
ঘটনার পর দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, রক্ত পরীক্ষার জন্য (যেন অ্যালকোহল/ড্রাগ ইত্যাদিতে আসক্ত ছিল কি না)। এ বিষয়ে গ্রিসের ট্রাফিক পুলিশ তদন্ত শুরু করেছে।
হান্নান হাওলাদারের মৃত্যুতে গ্রিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এথেন্স অবস্থিত বাংলাদেশ দূতাবাস।










