দেশের পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, ঢাকাসহ ৮ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ০২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকাগুলোর নদীবন্দরগুলোকে ০১ (এক) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।









