পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়ে ‘স্কুইড গেম’খ্যাত অভিনেত্রী লি জু শিল মারা গেছেন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮১ বছর।
নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘স্কুইড গেম’–এ অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন লি জু শিল।
ক্যানসার শনাক্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর মধ্যে হৃদরোগেও আক্রান্ত হন অভিনেত্রী। রোববার (২ ফেব্রুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন লি।
১৯৬৫ সালে অভিনেত্রী হিসেবে অভিষেক ঘটে লি জুর। থিয়েটারে কাজ করে সাড়া ফেলেন। দর্শকের কাছে পরিচিতি পান।
লি ১৯৯৩ সালে ব্রেস্ট (স্তন) ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। প্রায় এক দশক ধরে চিকিৎসার পর ক্যানসারমুক্ত হন তিনি। শারীরিক জটিলতার মধ্যেও অভিনয় চালিয়ে গেছেন লি। থিয়েটারের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
ছয় দশকের ক্যারিয়ারে ‘সিঙ্গেল স্পার্ক’, ‘ফেস’, ‘রানিং ওয়াইল্ড’, ‘ব্ল্যাক হাউস’, ‘দ্য টাওয়ার’, ‘ট্রেন টু বুসান’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন লি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্কুইড গেম’ সিরিজের দ্বিতীয় পর্বে সাবেক পুলিশ কর্মকর্তা হোয়াং জুন হোর মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।










