জয় দিয়েই সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৮ মে) ভারতের গোয়ায় নিজেদের প্রথম ম্যাচে মারিয়া-ঋতুপর্ণারা ৪-২ গোলে হারিয়েছে মালদ্বীপকে। মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল ১১-০ গোলে। দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দ্বীপ দেশটির মেয়েরা।
মালদ্বীপের বিদায়ে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও সাবেক চ্যাম্পিয়ন ভারত উঠে গেছে সেমিফাইনালে। আগামী ৩১ মে বাংলাদেশ ও ভারতের ম্যাচের ফল নির্ধারণ করবে কারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে জিততেই হবে ভারতের বিপক্ষে।
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ এর আগে চার ম্যাচ খেলে চারটিতেই সহজ জয় পেয়েছিল। এই ম্যাচে বাংলাদেশের দুর্বল রক্ষণের কারণে মালদ্বীপ দুটি গোল আদায় করে নিতে পেরেছে। আগের চার ম্যাচে বাংলাদেশের জালে একটি গোল দিতে পেরেছিল মালদ্বীপ। এবার এক ম্যাচে দিলো দুটি।

বাংলাদেশ এগিয়ে যায় কিক অফের সঙ্গে সঙ্গেই। অধিনায়ক মারিয়ার পা থেকে ঋতুপর্ণা এবং তার পা থেকে সুইডেন প্রবাসী আনিকা রানিয়ার কাছে বল গেলে তিনি সোজা পাঠিয়ে দেন মালদ্বীপের জালে। আনিকার শট যখন মালদ্বীপের জাল কাঁপায় তখন ম্যাচের বয়স মাত্র ১১ সেকেন্ড। বাংলাদেশের জার্সিতে এটাই আনিকার প্রথম গোল। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশেরও দ্রুততম গোল এটি।
৩৪ মিনিটে উমেহলা মারমা গোলে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। তবে ৪২ মিনিটে নুরার গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে মালদ্বীপ। ৫৭ মিনিটে ফাজলা গোল করলে বাংলাদেশকে চমকে দিয়ে ম্যাচে ২-২ এ সমতা আনে মালদ্বীপ।
৬৩ মিনিটে বদলি সুরভী আকন্দ প্রীতি গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন বাংলাদেশকে। ইনজুরি সময়ে কোহাতি কিসকু গোল করলে বাংলাদেশের জয়ের ব্যবধান বেড়ে হয় ৪-২।








