যশোরের শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শার্শা উপজেলার উলাসী খালপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং উলাসী গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেলের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার গাড়িটি ফেলে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ও হেলপারকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।









