চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় আগুনের সূত্রপাত হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে বিবিসি জানিয়েছে, আগুন লাগার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
জিনজিয়াংকে চীনের জুতা শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্বের উৎপাদিত স্পোর্টস জুতার প্রায় ২০ শতাংশই এই শহরের বিভিন্ন কারখানায় তৈরি হয়। ফলে শিল্প উৎপাদনের ক্ষেত্রে শহরটির বিশেষ গুরুত্ব রয়েছে।
সিনহুয়ার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি ভবন থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে এবং কয়েকজন মানুষ ভবনের ছাদে আটকা পড়েছেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে দুই শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।তবে এ ঘটনায় আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ কারখানার মালিকপক্ষের হয়ে কাজ করা কয়েকজন কর্মচারীকে আটক করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। হতাহতের জন্য দায়ীদের অবশ্যই কঠোর জবাবদিহির আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৬৮ জনের মৃত্যুর পর চীনা কর্তৃপক্ষ দেশজুড়ে অগ্নিনিরাপত্তা জোরদার এবং কঠোর তদারকি শুরু করে।









