ভারতীয় সিনেমা ‘দৃশ্যম’-এর পেছনের মূল গল্পের রূপকার ও বিশ্বখ্যাত জাপানি রহস্য ঔপন্যাসিক কেইগো হিগাশিনো আর নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। গত সোমবার (২৭ জুলাই) তার অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডলে এই খবরটি নিশ্চিত করা হলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার কোটি কোটি পাঠক শোকস্তব্ধ হয়ে পড়েন।
পেশাজীবনের শুরুতে হিগাশিনো একটি মোটরগাড়ির যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কাজ করতেন। চাকরির পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি চালিয়ে যান।
১৯৮৫ সালে তার লেখা উপন্যাস ‘আফটার স্কুল’ মর্যাদাপূর্ণ ‘এদোগাওয়া রাম্পো পুরস্কার’ লাভ করে। এর পর থেকেই তিনি পুরোপুরি লেখালেখিতে মনোযোগ দেন। জীবদ্দশায় তিনি ১০৬টি বই প্রকাশ করেছেন।
তার জনপ্রিয় উপন্যাসগুলো নিয়ে অসংখ্য আন্তর্জাতিক সিনেমা ও টিভি সিরিজ তৈরি হয়েছে।
‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস, যা ২০০৬ সালে ‘নাওকি পুরস্কার’ জেতে। এই উপন্যাসের মূল ধারণা ও কাহিনি অবলম্বনেই পরবর্তীতে বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘দৃশ্যম’ এবং ওটিটি চলচ্চিত্র ‘জানে জাঁ’ নির্মিত হয়। বলিউডের আরেক হিট চলচ্চিত্র ‘মনিকা, ও মাই ডার্লিং’ সিনেমাটিও হিগাশিনোর গল্প ‘হার্ট অফ ব্রুটাস’ থেকে অনুপ্রাণিত।
তার সৃষ্টি করা গোয়েন্দা চরিত্র ‘ডিটেকটিভ গ্যালিলিও’ (অধ্যাপক মানাবু ইউকাওয়া) এবং টোকিও পুলিশের ‘ইনস্পেক্টর কাগা’ বিশ্বজুড়ে দারুণ সমাদৃত।
২০১৪ সালে ‘দ্য ফাইনাল কার্টেন’ উপন্যাসের জন্য তিনি ইয়োশিকাওয়া এইজি সাহিত্য পুরস্কার লাভ করেন।
সাহিত্যিক ও ভক্তরা সামাজিক মাধ্যমে এই গুণী লেখকের প্রতি গভীর শোক প্রকাশ করছেন। আগামী আগস্ট মাসে তার নতুন উপন্যাস ‘ইটার্নাল মেমোরি’ প্রকাশিত হতে যাচ্ছে, যা পাঠকদের জন্য তার সাহিত্যজীবনের শেষ উপহার হয়ে থাকবে।










