বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে নেই বাড়তি উচ্ছ্বাস, নেই আগেভাগে বিজয় উদযাপনের কোনো প্রস্তুতি। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠলেও দলের লক্ষ্য যে এখনও পূরণ হয়নি, সেটাই স্পষ্ট করে জানিয়ে দিলেন স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তে বলেন, দলের সবাই মানসিকভাবে শান্ত এবং শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল একটাই — বিশ্বকাপ জয়। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমরা ভীষণ শান্ত। আমি এখানে আসার পর থেকেই আমাদের পরিবেশ এমন। হয়তো আমরা ভেতরে ভেতরে পরিস্থিতিটাকে একটু স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করি এবং সবসময় আরও বড় লক্ষ্য ঠিক করি। আমার মনে হয়, এটাই গুরুত্বপূর্ণ।’
ফ্রান্সকে হারানোর পর ড্রেসিংরুমে উদযাপন হলেও সেটি ছিল সীমিত পরিসরে। কারণ ব্যাখ্যা করে লাপোর্তে বলেন, ‘ফ্রান্সকে হারানোর পর অবশ্যই উদযাপন হয়েছে। কিন্তু সেটা মোটেও বাড়াবাড়ি ছিল না। কারণ আমাদের লক্ষ্য শুধু ফ্রান্সকে হারানো নয়, পুরো টুর্নামেন্ট জেতা। সবচেয়ে বড় লক্ষ্য অর্জনের পরই হয়তো আমরা সত্যিকারের স্বস্তি অনুভব করবো। আমরা সবসময় সর্বোচ্চ লক্ষ্যেই এগোই। অর্ধেক কাজ করে থেমে যাওয়া আমাদের জন্য যথেষ্ট নয়।’
স্পেনের ডিফেন্ডার আরও জানান, ফাইনালে ওঠাকে তারা শেষ সাফল্য হিসেবে দেখছেন না। দলের বিশ্বাস, ট্রফি জিততে না পারলে এই যাত্রা অপূর্ণই থেকে যাবে, ‘আমরা অর্ধেক কাজ করে উদযাপন করতে চাই না। শুরু থেকেই অনেক মানুষ আমাদের বিশ্বাস করেনি। কিন্তু আমরা নিজেদের বিশ্বাস করেছি। আমরা জানতাম, আমাদের এই সাফল্য অর্জনের সামর্থ্য আছে। এখন যদি আমরা জিততে না পারি, তাহলে সেটা আমাদের জন্য বড় ধাক্কা হবে।’
তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই, এতদূর আসা, বড় বড় দলকে হারানো এবং যেভাবে খেলেছি এসব দারুণ ব্যাপার। কিন্তু আমাদের মানসিকতা জয়ের। যতক্ষণ পর্যন্ত আমরা মনে করি আমাদের প্রাপ্য অর্জন করতে না পারছি, ততক্ষণ উদযাপন করার কিছু নেই।’
ফাইনালের আগে লাপোর্তের এই মন্তব্য স্পষ্ট করে দিচ্ছে, স্পেনের কাছে রানার্স-আপ হওয়া কোনো সান্ত্বনা নয়। তাদের একমাত্র লক্ষ্য বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা।









