নিউ জার্সির আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষা বৃত্তি পেলো বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা। গত ২৯ জুলাই , বুধবার বিকালে সিটির স্টিল পিয়ারে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেকের রেপ্লিকা তুলে দেন।
বুধবারই ছিল আটলান্টিক সিটিতে বসবাসরত বিভিন্ন কমিউনিটির দ্বাদশ শ্রেণী উর্ত্তীণ , কলেজ, মাস্টার্স ও ডক্টরেট কোর্সের শিক্ষার্থীদের জন্য স্বপ্নপূরনের দিন।
এদিন আটান্ন জন শিক্ষার্থী মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষা বৃত্তির চেকের রেপ্লিকা গ্রহণ করে ,যেখানে বাংলাদেশী আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার । তাদের সবার চোখে মুখে ছিল বৃত্তি প্রাপ্তির পূর্ণতা, খুশি ও আনন্দের ঝিলিক।

এবছর মোট ৫৮টি স্কলারশিপ প্রদান করা হয়েছে, যার প্রতিটির মূল্য সর্বোচ্চ ১০ হাজার ডলার। এর মধ্যে ৪৬ জন উচ্চ বিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী কলেজে অধ্যয়নের জন্য, ২ জন ট্রেড স্কুলে শিক্ষার জন্য এবং ১০ জন মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রি অর্জনের জন্য স্কলারশিপ পেয়েছেন।
মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষা বৃত্তি প্রোগ্রামটি গত তিন বছর ধরে চালু আছে। এবছর চতুর্থবারের মতো এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শিক্ষার্থীরা চেকের রেপ্লিকা গ্রহণের সময় তাদের অভিবাবক ও সুধীজনরা তুমুল করতালি ও উল্লাসধ্বনির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে স্কলারশিপ কমিটির সদস্য, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।
মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষা বৃত্তি প্রোগ্রামে বাংলাদেশী-আমেরিকান শিক্ষার্থীদের সার্বিক সাফল্যের মাধ্যমে এটাই প্রমান করে যে মেধা ও মননে তারা অন্য কারও চেয়ে পিছিয়ে নেই । এই শিক্ষা বৃত্তি শিক্ষার্থীদের আমেরিকান ড্রিম বাস্তবায়নে যে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এতে কোনো সন্দেহই নেই। আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী










