প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন। তিনি সেখানে শ্রীমঙ্গল ও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া একটি রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনির পাঠানো সফরসূচি অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
তিনি সকাল সোয়া ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পথে রওনা হবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী পরে দুপুর আড়াইটায় সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেল ৪টা ৪৫ মিনিটে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।
দিনের কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।









