বিনোদন অঙ্গনে যেন জন্মদিনের উৎসব আজ। জনপ্রিয় পাঁচ তারকা অভিনেত্রী জন্মেছেন এই দিনে (১২ অক্টোবর)। তারা হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, কেয়া, সোহানা সাবা ও দুই লাক্স তারকা মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম।
জন্মদিনে ৫ তারকাই ভক্ত-অনুরাগী ও কাছের মানুষদের অভিনন্দন ভালোবাসায় সিক্ত হচ্ছেন। তাদের শুভেচ্ছা জানাচ্ছেন সবাই সোশ্যাল মিডিয়ায়।
খোঁজ নিয়ে জানা গেল, জন্মদিন নিয়ে কোনো তারকাই জমকালো আয়োজনে যাননি এবার। পরিবারের সদস্য, বন্ধু-স্বজনদের নিয়ে কাটাবেন দিনটি।
মেহের আফরোজ শাওন: অভিনেত্রী, পরিচালক, গায়িকা, নৃত্যশিল্পী, স্থপতি মেহের আফরোজ শাওনের জন্ম ১৯৮১ সালের আজকের এই দিনে। শাওন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তার বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। তিনি দুই পুত্রের জননী।
শাওন ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ক্যারিয়ারে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়।
পরিচালনাতেও তিনি দেখিয়েছেন তার পারদর্শিতা। নাটক-টেলিছবির পাশাপাশি ‘কৃষ্ণপক্ষ’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।
সোহানা সাবা: জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ছোটপর্দার অভিনেত্রী পরিচয়ে যাত্রা করলেও রুপালি পর্দাতে কাজ করে প্রশংসিত হয়েছেন। তার আলোচিত ছবির মধ্যে আছে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’ ইত্যাদি। প্রযোজক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। তার প্রযোজনায় একটি ওয়েব সিরিজ নির্মাণ হয়েছে। এখানে অভিনয়ও করছেন সাবা। তিনি এখনো নিয়মিত কাজ করে যাচ্ছেন। সর্বশেষ একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন সাবা।
কেয়া: যশোরে জন্মগ্রহণ করা চিত্রনায়িকা কেয়া ২০০১ সালে ১৪ বছর বয়সে সিনেমার অভিনয় শুরু করেন। তার প্রথম সিনেমা ‘কঠিন বাস্তব’। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ। এটি নির্মাণ করেছিলেন মনতাজুর রহমান আকবর।
মৌসুমী হামিদ: ২০১০ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মৌসুমী হামিদ। টিভি এবং চলচ্চিত্র দু’মাধ্যমেই কাজ করছেন তিনি।
নাদিয়া আফরিন মিম: ২০১৪ সালে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নাদিয়া আফরিন মিম। এরপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন নাটক-বিজ্ঞাপনে।










