বলিউড পরিচালক আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে। গত ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি ৫২ দিন পার করেও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। শুধু ভারতেই নয়, পাকিস্তানেও ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তার শক্তিশালী অভিনয় যেমন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, তেমনি সিনেমার গান ও অ্যাকশন দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে ছবিটি অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’ এবং রীতেশ দেশমুখ অভিনীত ‘রাজা শিবাজি’র সঙ্গে বক্স অফিসে প্রতিযোগিতায় রয়েছে। তবে সেই প্রতিযোগিতার মাঝেও আয় ধরে রেখেছে ‘ধুরন্ধর ২’।
বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ৫২তম দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ৯০ লাখ রুপি। আগের দিন এর আয় ছিল ৪২ লাখ রুপি। সব মিলিয়ে ভারতে ‘ধুরন্ধর ২’সিনেমার মোট নেট আয় দাঁড়িয়েছে ১ হাজার ১৪১ কোটি ৯৯ লাখ রুপিতে।
মুক্তির আগেই অগ্রিম বুকিং থেকে সিনেমাটি আয় করেছিল ৪৩ কোটি রুপি। আর প্রথম দিনেই সংগ্রহ করে ১০২ কোটি ৫৫ লাখ রুপি। এরপর থেকেই বক্স অফিসে ধারাবাহিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে সিনেমাটি।
সপ্তাহভিত্তিক আয়েও রয়েছে চমক। প্রথম সপ্তাহে সিনেমাটির সংগ্রহ ছিল ৬৭৪ কোটি ১৭ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় করে ২৬৩ কোটি ৬৫ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে ১১০ কোটি ৬০ লাখ এবং চতুর্থ সপ্তাহে ৫৪ কোটি ৭০ লাখ রুপি সংগ্রহ করে সিনেমাটি। এরপর ধীরগতিতে হলেও আয় অব্যাহত রয়েছে।
‘ধুরন্ধর ২’ মূলত ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমার সিক্যুয়েল। সিনেমার গল্পে দেখানো হয়েছে, কীভাবে এক দেশপ্রেমিক পাঞ্জাবি যুবক বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে ‘হামজা’ হয়ে ওঠে এবং পাকিস্তানের লিয়ারি এলাকায় একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অভিযান চালায়।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সারা অর্জুন, অর্জুন রামপাল, আর. মাধবন, রাকেশ বেদি ও দানিশ পান্ডোরসহ অনেকে।









