দীর্ঘ ১৭ বছর ধরে স্নায়ুতন্ত্রের জটিল ব্যাধি ‘মাল্টিপল স্ক্লেরোসিস’(এমএস)-এর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মিশরের অভিনেতা আমর মোহাম্মদ আলী। সোমবার (১৭ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় ৫০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মিশরের অভিনেতা সিন্ডিকেটের প্রধান আশরাফ জাকি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
১৯৮০-এর দশকে শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে পা রেখেছিলেন আমর মোহাম্মদ আলী। দেশটির ‘আরাবেস্ক’ নাটকের জনপ্রিয় ‘শাকশাক’ চরিত্র দিয়ে তিনি জয় করে নেন দর্শকমন। তবে ২০০৬ সালে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক ‘হাদায়েক আল শায়তান’-এর পর আর পর্দায় দেখা মেলেনি তার।
রোগ প্রতিরোধ ব্যবস্থা হঠাৎ শরীরের স্নায়ুর প্রতিরক্ষামূলক আবরণ আক্রমণ করলে দেখা দেয় মাল্টিপল স্ক্লেরোসিস। এর ফলে শারীরিক ভারসাম্য, দৃষ্টিক্ষমতা ও স্বাভাবিক চলাফেরা মারাত্মকভাবে ব্যাহত হয়। এই রোগের প্রভাবেই ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে একদম ছিটকে যান তিনি।
আলীর ভাই আহমেদ জানিয়েছেন, মৃত্যুর আগের কয়েক দিনে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে।
একা দাঁড়ানো তো দূরের কথা, কথা বলা ও খাওয়াদাওয়াই বন্ধ হয়ে গিয়েছিল তার। দীর্ঘ সময় আড়ালে থাকার পর সুস্থ হয়ে অভিনয়ে ফেরার ইচ্ছে প্রকাশ করলেও শেষ পর্যন্ত ব্যাধির কাছেই হার মানতে হলো এই অভিনেতাকে।









