কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করেছে, ড্রোন হামলায় বিমানঘাঁটির একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, পৃথক হামলায় বিমানচালনা-সংক্রান্ত সরঞ্জামের একটি গুদাম এবং মার্কিন ড্রোন সংরক্ষণের একটি হ্যাঙ্গারেও আঘাত হানা হয়েছে।এতে কয়েকটি উড়োজাহাজে আগুন ধরে গেছে বলেও দাবি করেছে বাহিনীটি।তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।এর আগে টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ক। সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় অভিযান শেষ হয়।তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা দুর্বল করতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে।একই সঙ্গে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজন হলে আরও সামরিক অভিযান চালাতে প্রস্তুত।










