বিশ্বখ্যাত ‘জুরাসিক পার্ক’ সিনেমা ও জনপ্রিয় ড্রামা সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর প্রশংসিত অভিনেতা স্যাম নিল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে প্রিয়জনদের সান্নিধ্যে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্যাম নিল তার জীবনের মতোই অত্যন্ত মর্যাদার সঙ্গে শেষ বিদায় নিয়েছেন।
অভিনেতার এই চলে যাওয়াকে ‘আকস্মিক ও অপ্রত্যাশিত’ বলে বর্ণনা করেছে তার পরিবার। একইসঙ্গে তারা নিশ্চিত করেছে, মৃত্যুর আগে স্যাম নিল সম্পূর্ণ ক্যানসারমুক্ত ছিলেন।
জীবনের শেষ দিনগুলোতে পাশে থাকার জন্য সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালের কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে তার পরিবার এবং এই কঠিন সময়ে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছে।
এর আগে ২০২৩ সালের মার্চ মাসে স্যাম নিল নিজেই প্রকাশ করেছিলেন যে তিনি ‘নন-হজকিন লিম্ফোমা’ নামের একটি মারাত্মক ও আগ্রাসী ধরনের ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছেন।এরপর দীর্ঘ চিকিৎসায় ‘কার-টি সেল’ থেরাপি নেওয়ার পর চলতি বছরের এপ্রিলে তিনি ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ার সেভেন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা আনন্দের সঙ্গে জানিয়েছিলেন যে, তার শরীরের শেষ স্ক্যানে কোনো ক্যানসারের অস্তিত্ব পাওয়া যায়নি এবং একে তিনি একটি ‘অসাধারণ ব্যাপার’ বলে উল্লেখ করেছিলেন।
তবে ক্যানসারমুক্ত হওয়ার কয়েক মাসের মাথায় সোমবার হঠাৎ করেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন নিউজিল্যান্ডের এই কিংবদন্তি অভিনেতা।









