প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধনের অ্যাপ পোস্টাল ভোট বিডি উন্মুক্ত করে দিয়েছে নির্বাচন কমিশন। ইউরোপসহ সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা এখন সহজেই ভোটার হিসেবে নিজেদের নিবন্ধন করতে পারছেন। আর এ সুযোগ পাওয়ায় ভোট প্রদানের অপেক্ষায় আনন্দে ভাসছেন ইউরোপের প্রবাসী বাংলাদেশিরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) রাতের প্রথম প্রহর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নিবন্ধন করা যাবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ইউরোপ থেকে এ অ্যাপে ভোটার নিবন্ধনের সময়সীমা ছিল ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে ইতালি, ডেনমার্ক ও জার্মানিতে বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য দূতাবাসগুলোর মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছিল। দূতাবাসের কর্মকর্তারাও নির্বাচন কমিশনের কাছে প্রবাসীদের দাবি অনুযায়ী ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন। প্রবাসীদের দাবি অনুযায়ী সময়সীমা বাড়ানোয় এখন বিপুল সংখ্যক বাংলাদেশি ভোট দিতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জার্মানির কমিউনিটি সংগঠক মাহবুব উল্লাহ খান মাসুম বাংলানিউজকে বলেন, আমরা আমাদের কমিউনিটি সংগঠনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের সব প্রক্রিয়া জানাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করছি। প্রথমবারের মতো ভোটদানের এমন সুযোগ ও নিবন্ধনের সময় বাড়ানোয় আমরা খুবই খুশি।
একই কথা বলেন কমিউনিটি সংগঠক ড. শফিকুল ইসলাম। তিনি বলেন, মানুষ দীর্ঘদিন দেশেই ভোট দিতে পারেননি। এবার ইউরোপ থেকে ভোট দিতে পারবেন। তাই বাংলাদেশিদের মধ্যে ভোট প্রদানের আগ্রহের অভাব নেই। আমরা জানতে পেরেছি অনেকের ভোটার কার্ড নেই। যদি ভোটার কার্ড ছাড়া পাসপোর্ট দিয়েও ভোট প্রদানের সুযোগ করে দেওয়া যায় তাহলে ভোটার নিবন্ধনের সংখ্যা আরো বাড়বে।
ইতালির এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক রাসেল মোহাম্মদ বাংলানিউজকে বলেন, আমরা কিছুদিন আগেও দূতাবাসে গিয়ে ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলাম। এখন ইতালিতে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশি সবাই অনেক খুশি। আশা করি, সবাই ভোটার হিসেবে নিবন্ধন করে নিজেদের পছন্দমতো প্রার্থী নির্বাচন করতে পারবেন।
একইভাবে ডেনমার্কের কমিউনিটি সংগঠক রাকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, ডেনমার্কের দূতাবাস খুবই সক্রিয়। তারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করছে। আশা করি, ডেনমার্কের সব বাংলাদেশি এবার ভোট প্রদান করবে।










