রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে প্রায় ১ ঘণ্টার ব্যবধানে গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যার খবর পাওয়া গেছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও আদাবরের নবোদয় হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, চাঁদ উদ্যান সড়কের লাউতলায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা আল আমিন ওরফে পাতা আল আমিন নামে একজনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় একজন আটক আছেন।
এর এক ঘণ্টা পর আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ে নিজ বাসার সামনে ইব্রাহিম নামে একজনকে গুলি করে হত্যা করা হয়।
জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, আদাবরে গুলি করে পালিয়ে যাওয়ার সময় সজীব ও রুবেল নামে দুজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে নিহত ইব্রাহিম গাড়িচালক ছিলেন। নবোদয় হাউজিংয়ের ৬/এ সড়কের ১০ নম্বর বাসার তিনতলায় তিনি ভাড়া থাকতেন। তার একটি মেয়ে রয়েছে।










