বলিউড তারকাদের মধ্যে সম্পত্তি থেকে আয়ের প্রবণতা দিন দিন বাড়ছে। এবার সেই তালিকায় নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী সারা আলি খান। মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে অবস্থিত নিজের একটি বাংলো ভাড়া দিয়ে চমক দেখিয়েছেন তিনি।
সম্পত্তি সংক্রান্ত নথি অনুযায়ী, পাঁচ বছরের জন্য বাংলোটি লিজ দিয়েছেন সারা। পুরো চুক্তির মূল্য প্রায় ৪ দশমিক ১৪ কোটি রুপি। শুরুতে মাসিক ভাড়া ধরা হয়েছে সাড়ে ৬ লাখ রুপি।
ভাড়াটে প্রতিষ্ঠান হিসেবে রয়েছে, যারা এই সম্পত্তিটি স্কুল-সংক্রান্ত কাজে ব্যবহার করবে। চুক্তির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ২০ লাখ টাকা নিরাপত্তা জামানত জমা দিয়েছে।
জানা গেছে, মুম্বইয়ের ওল্ড লোকহান্ডওয়ালা কমপ্লেক্সের বেলস্কট কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত এই বাংলোটির আয়তন প্রায় ৪,৫০০ বর্গফুট। লিজের লক-ইন পিরিয়ড রাখা হয়েছে ৩৬ মাস, যা শুরু হবে আগামী ১ মে ২০২৬ থেকে।
চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর মাসিক ভাড়া অপরিবর্তিত থাকবে। এরপর তৃতীয় বছর থেকে প্রতি বছর ৫ শতাংশ হারে ভাড়া বাড়বে। ফলে তৃতীয় বছরে ভাড়া হবে ৬.৮২ লাখ টাকা, চতুর্থ বছরে ৭.১৬ লাখ এবং পঞ্চম বছরে ৭.৫২ লাখ টাকা।
এর আগে বলিউডের আরও কয়েকজন তারকা সম্পত্তি লিজ দিয়ে আলোচনায় এসেছেন। মাধুরী দীক্ষিত মুম্বইয়ের লোয়ার পারেলে একটি অফিস ভাড়া দিয়েছিলেন। এছাড়া রাকেশ রোশন ও প্রমিলা রাকেশ রোশন আন্ধেরিতে একটি সম্পত্তি লিজ দিয়েছেন মোটা অঙ্কে।
সব মিলিয়ে, তারকাদের মধ্যে সম্পত্তি বিনিয়োগ ও ভাড়া থেকে আয়ের প্রবণতা যে বাড়ছে, তারই আরেকটি উদাহরণ হয়ে উঠলেন সারা আলি খান।










