দিনাজপুরের বিরামপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দিনাজপুর-গাইবান্ধা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি মোশারফ হোসেন বাবু (৫৮)।তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকায়। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের সহায়তায় এবং পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হুসাইন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।










