নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছেন কলকাতার অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় হড়পা বান, আকস্মিক বন্যা ও ধসের কারণে আটকে পড়েছেন তারা।
আনন্দবাজার সূত্রে জানা গেছে, রাসুয়া জেলার দুর্গম এলাকায় চলছিল একটি বাংলাদেশি ছবির শুটিং। গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলোতে পানি বাড়তে শুরু করে। এরপর হড়পা বান ও ধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় রাস্তা ও সেতুর বিভিন্ন অংশ। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় যোগাযোগব্যবস্থাও।
এ পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে শুটিং। একই সঙ্গে কলকাতায় ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে খরাজ ও তার স্ত্রীর।
তবে খরাজ আহত হয়েছেন, এমন কোনো খবর পাওয়া যায়নি। দুর্যোগের কারণে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় নিয়মিত যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
খরাজ জানান, বাংলাদেশি ছবি ‘শিকার’র শুটিংয়ে অংশ নিতে গত ২০ আগস্ট নেপালে যান তিনি। ২৬ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু প্রবল বৃষ্টির কারণে আটকে পড়েছেন।
ফোনে খরাজ বলেন, ‘বাংলাদেশের একটি ছবির শুটিং করতে এসেছি ২০ আগস্ট। ২৬ তারিখ ফেরার কথা ছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছি। ভয়ঙ্কর বন্যা। ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই। গোরখপুর থেকে ২৮ তারিখের প্লেন ধরে কলকাতা ফিরব।’
‘শিকার’ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস। একই ছবির শুটিংয়ে ছিলেন অভিনেতা রজতাভ দত্তও। তবে তার অংশের কাজ শেষ হয়ে যাওয়ায় তিনি আগেই দেশে ফিরে এসেছেন।
এদিকে রাসুয়ায় ভয়াবহ দুর্যোগে একাধিক প্রাণহানি ও নিখোঁজের খবর পাওয়া গেছে। রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খরাজ ও তার স্ত্রীকে নেপালেই অপেক্ষা করতে হচ্ছে।









