বাংলা লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকগায়ক স্বাগত দে আর নেই। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৬ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ আগস্ট) হঠাৎ সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন ভারতীয় বাংলা গানের গায়ক স্বাগত দে। দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
নিজের সুরেলা কণ্ঠে গাওয়া অসংখ্য লোকগানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন স্বাগত দে। বিশেষ করে ‘ময়না ছলাৎ ছলাৎ’ ও ‘সোনা বন্ধু রে’ গান দুটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। তার কণ্ঠে বাংলা লোকসংগীত নতুন প্রজন্মের কাছেও নতুনভাবে পরিচিতি লাভ করে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও অসংখ্য ভক্ত। গায়িকা জোজো ফেসবুকে লেখেন, ‘তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।’
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী স্মৃতিচারণ করে লেখেন, ‘খবরটা শুনে ছোটবেলার অনেক স্মৃতি ফিরে এলো। বিশ্বাসই করতে পারছি না, স্বাগতদা আর নেই।’
লোকসংগীতশিল্পী দেব চৌধুরী বলেন, ‘স্বাগত আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বাংলা লোকগানের জন্য এটি বড় ক্ষতি।’
স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন শিল্পী ও সংস্কৃতিজনেরা।









