ঢল আর বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টিও অব্যাহত আছে। আবহাওয়া অফিস আরও ৪৮ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইটের সকাল ১০টার তথ্য অনুযায়ী, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরি, ফেনী ও হালদা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে ফেনীর মুহুরি নদীর পানি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে।  

এই ৮ জেলা থেকে প্রথম আলোর সাংবাদিকদের দেওয়া তথ্যে জানা গেছে, পানির তোড়ে ভেঙে গেছে অনেকগুলো রাস্তা, বাঁধ ও ব্রিজের অংশ। ফসলের মাঠ তলিয়ে গেছে, পুকুরের মাছ ভেসে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। অনেকে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজকের বুলেটিনে জানিয়েছে, ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরার ভেতরের অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।

কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া অংশে গোমতী নদীর আইলে ফাটল ধরেছে। ফাটল অংশ দিয়ে পানি আসছে। এতে আতঙ্কিত হয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে পাঁচ শতাধিক পরিবারের সদস্য। আজ সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, আলেখারচর ব্রিজের উত্তর অংশে কামাড়খাড়া। এ অংশের বাঁধে পানি উত্তোলন লাইন ফেটে পানি বের হয়। এ সময় স্থানীয়রা বস্তায় মাটি ভরে বাঁধ শক্ত করে।

স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, গত দুই দিন ধরে বেড়িবাঁধের অবস্থা খারাপ। সকালে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এ সময় কামাড়খাড়া অংশে ফাটল দেখা দেয়। আনিসুর রহমান নামের এক বাসিন্দা বলেন, তাঁর মাছের ঘের আছে। টানা তিন রাত নির্ঘুম কাটছে তাঁর।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, আজ সকাল ৭টায় পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি আরও বাড়তে পারে। আর আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও ৪৮ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস আছে।

নোয়াখালীর ৮ উপজেলাতেই পানি বেড়েছে। এখানে গত চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি আটকে থেকে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। জেলার সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল ও নোয়াখালী সদরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কবিরহাট ও সুবর্ণচরে পরিস্থিতি বাকি উপজেলাগুলোর চেয়ে কিছুটা ভালো। নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরও ৪৮ ঘণ্টা হওয়ার পূর্বাভাস দেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাঁধ ভেঙে গেছে। এই জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ৩৪টি গ্রামের ৫ শতাধিক পরিবার বন্যাকবলিত অবস্থায় আছে।

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হাবিব রেজা। জেলায় এখনো বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি