গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লিংওয়ালা এলাকার একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে অনুষ্ঠানে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বের হওয়ার চেষ্টা করলেও ভবনের সরু করিডোর ও সীমিত বের হওয়ার পথের কারণে অনেকে আটকা পড়েন।
লিংওয়ালা এলাকার মেয়র নরবার্ট মুশিঙ্গা জানিয়েছেন, প্রাথমিকভাবে ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে উদ্ধার ও শনাক্তকরণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা চূড়ান্ত বলা যাচ্ছে না।
অগ্নিকাণ্ডে আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কঙ্গোর উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকম্যাঁ শাবানি। তিনি এ ঘটনাকে মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কঙ্গোর জাতীয় রেডিও ও টেলিভিশনের ক্যামেরাম্যান গাই কিতোকো আলোমাও ছিলেন। বিয়ের অনুষ্ঠানে এমন প্রাণহানির ঘটনায় কিনশাসাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।









