টানা দুই দিনের বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু। এ ছাড়াও বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে ঝুলন্ত সেতু ডুবে যায় বলে জানিয়েছেন জেলা পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলক বিকাশ চাকমা।
তিনি বলেন, ‘উজানের পানি বেড়ে দুপুর ২টার দিকে ঝুলন্ত সেতুটির পাটাতন ৪ ইঞ্চি ডুবে যায়। ইতোমধ্যে সেতুতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে।’
পানি কমে গেলে সেতুটি সংস্কার করে পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, কাচালং নদীর পানি বেড়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার মধ্যে বাঘাইছড়ি পৌরসভাসহ উপজেলার আশেপাশের কয়েকটি ইউনিয়নও রয়েছে।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, গত দুইদিনে রাঙামাটিতে ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ৩৮ মিলিমিটার ও শুক্রবার ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এই বৃষ্টিপাত আরো কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ ক্য চি নু মারমা।
বাঘাইছড়ি ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রিপন চাকমা বলেন, ‘বাঘাইছড়ি পৌরসভাসহ খেদারমারা, আমতলী ও সাজেক ইউনিয়নের কিছু কিছু জায়গা প্লাবিত হয়েছে। ঠিক কতগুলো গ্রাম প্লাবিত হয়েছে—আমরা এখনো সেই তালিকা করতে পারিনি।’









