মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডে পরিণত করবেন।
নিউইয়র্কের গার্ডেন সিটির পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর, খুব খারাপ ভাবে পরাজিত করা হচ্ছে- খুব শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড ঘোষণা করব; এটি সত্যি।
ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, এ ধরনের হুমকিতে ইরান ভীত হবে না এবং কৌশলগত এই জলপথ তাদের নিয়ন্ত্রণে ও কর্তৃত্বে থাকবে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল প্রায় থমকে যায়। এর আগের দিন নয়টি পণ্যবাহী জাহাজ পার হলেও আগস্টে প্রতিদিনের গড় ছিল প্রায় ১২টি। একই সময়ে দুটি জাহাজে হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।
এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন যে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ১২ আগস্ট তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, মার্কিন নৌ অবরোধের কারণে প্রণালিটি কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্র চাইলে এই নিয়ন্ত্রণ ধরে রাখবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়া সম্ভব। জাহাজ পরিবর্তন করে এই অবরোধ দীর্ঘ সময় বজায় রাখা হবে বলে তিনি জানিয়েছেন।
তবে ট্রাম্পের হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার বক্তব্যটি তিনি কীভাবে বাস্তবায়ন করবেন বা এটি আনুষ্ঠানিক মার্কিন নীতিতে পরিণত হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো স্পষ্টতা পাওয়া যায়নি। এ বিষয়ে এখনও কিছু বলেনি ইরান।









