ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা আবার শুরু হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, সমঝোতায় পৌঁছানোর জন্য এটিই ইরানের ‘শেষ সুযোগ’, অন্যথায় দেশটি ‘শিরশ্ছেদের’ মুখোমুখি হতে পারে।
ট্রাম্প আরো দাবি করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ইস্যুতেও অগ্রগতি হয়েছে। তবে সংবাদ মাধ্যম গলফ নিউজ বলছে, ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।
তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা চলছে না। বরং ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি ‘অস্থায়ী নিরাপদ নৌপথ’ চালুর বিষয়ে কাজ করা হচ্ছে।
এদিকে আঞ্চলিক মধ্যস্থতাকারীরা কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখলেও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। ওমান উপকূলের কাছে একটি মালবাহী জাহাজে হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধও অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।









