টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
মঙ্গলবার ভোরে উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া পিকআপের চালক ছিলেন। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে। অন্যদিকে আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় পিকআপ ভ্যানে আটকে থাকা চালক ও দুই যাত্রীকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) এলাহী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।









