জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।
হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক এই ১৫ বছর বয়সী তরুণ ক্যারিয়ারের প্রথম ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কার জেতার পাশাপাশি র্যাংকিংয়েও ইতিহাস গড়েছেন।
একলাফে ২৩০ ধাপ এগিয়ে তিনি ক্যারিয়ারসেরা ৪৮তম স্থানে উঠে এসেছেন।
অন্যদিকে টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষস্থান আরও শক্ত করেছেন ভারতের ওপেনার ঈশান।
সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ৮১ রানের ইনিংস খেলে তিনি ৯১৬ রেটিং পয়েন্ট স্পর্শ করেন, যা টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রেটিং।
এই তালিকায় তার সামনে রয়েছেন কেবল সতীর্থ অভিষেক শর্মা (৯৩১) এবং ইংল্যান্ডের ডভিড মালান (৯১৯)।সিরিজ শেষে ঈশানের পয়েন্ট সামান্য কমে ৯১০-এ দাঁড়ালেও দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান ব্যাটার সাহিবজাদা ফারহানের (৮৪৮) চেয়ে তিনি অনেক এগিয়ে রয়েছেন।
এই পারফরম্যান্সের মাধ্যমে ঈশান পেছনে ফেলেছেন সূর্যকুমার যাদব (৯১২) ও বিরাট কোহলির (৯০৯) মতো অভিজ্ঞ সতীর্থদেরও।
ভারতীয় তারকাদের মধ্যে টি-টোয়েন্টি ব্যাটিংয়ে তিলক বর্মা দুই ধাপ এগিয়ে ৬ষ্ঠ এবং শ্রেয়াস আইয়ার সাত ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন। বোলিংয়ে জিম্বাবুয়ে সিরিজে তিন উইকেট নেওয়া রবি বিষ্ণোই বিশাল ৩১ ধাপ লাফিয়ে ৪১তম স্থানে পৌঁছে গেছেন।
জিম্বাবুয়ের ক্রিকেটারদের মধ্যেও উন্নতি দেখা গেছে; ব্যাটারদের তালিকায় রায়ান বার্ল ছয় ধাপ এগিয়ে যৌথভাবে ৮৫তম এবং পেসার ব্লেসিং মুজারাবানি ১০ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন।
ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের পর ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে এসেছে পরিবর্তন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল অনুপস্থিত থাকার সুযোগে ভারতের শুভমান গিল পুনরায় ওয়ানডে ব্যাটিংয়ে বিশ্বের ১ নম্বর ব্যাটার হিসেবে নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এই শীর্ষস্থানটি দখলে রেখেছিলেন মিচেল।
ওয়ানডে বোলিংয়ে শীর্ষ ১০-এর মধ্যে বড় চমক দেখিয়েছেন নামিবিয়ার স্পিনার বার্নার্ড সোলজ। নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ভালো পারফরম্যান্সের সৌজন্যে তিনি পাঁচ ধাপ এগিয়ে ৭ম স্থানে উঠে এসেছেন।
টেস্ট র্যাংকিংয়ে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে দৃষ্টি কেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। টানা পাঁচ মেডেন ওভারসহ দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে বোলারদের তালিকায় ২১ ধাপ এগিয়ে ৪৮তম এবং অলরাউন্ডারদের তালিকায় আট ধাপ এগিয়ে ৯ম স্থানে উঠে এসেছেন তিনি।
বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস (২৪তম) এবং পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস (১৭তম) উন্নতি করেছেন। আর দ্বিতীয় ইনিংসে নিজের ৩২তম টেস্ট ফিফটি করা বাবর আজম ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে ১৫তম স্থানে অবস্থান নিচ্ছেন।









